.

অবাস্তব তফসিলে নির্বাচনে অংশ নেওয়া কঠিন: এরশাদ

নিজস্ব প্রতিবেদক: দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে অবাস্তব বললেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন
মুহম্মদ এরশাদ। এত স্বল্প সময়ের মধ্যে মনোনয়ন দাখিল করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।তফসিল ঘোষণার পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় তিনি আরও বলেন, ২ ডিসেম্বরের মধ্যে কোন দলের পক্ষে মনোনয়ন দাখিল সম্ভব নয়। মনোনয়ন দাখিলের সময় আরও বাড়াতে হবে। এরশাদ জানান, তার দল জাতীয় পার্টি মনোনয়ন বিক্রি শুরু করেছে। মঙ্গলবার তাদের মনোনয়ন বিক্রি শেষ হবে। ৩০ নভেম্বর পর্যন্ত মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে। জাতীয় পার্টি ১ ডিসেম্বর প্রার্থীতা চুড়ান্ত করার পর প্রার্থীর হাতে দলীয় মনোনয়ন পৌছবে ২ডিসেম্বর। আর সেদিনই শেষ হচ্ছে মনোনয়ন দাখিলের সময়,যা পুরোপুরি অবাস্তব। একদিনের মধ্যে মনোনয়ন পত্র পুরণ করে জমা দেওয়া সম্ভব নয়। তাই মনোনয়ন দাখিলের সময় বাড়াতে হবে। তফসিল ঘোষণার দিন থেকে মনোনয়ন দাখিলের জন্য কমপক্ষে ১০ হতে ১৫ দিন সময় দেওয়া উচিত ছিলো বলেও মন্তব্য করেন এইচ এম এরশাদ।
এই তফসিলে কোন দলের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া কঠিন উল্লেখ করে বলেন, মনোনয়ন দাখিলের সময় বাড়াতে হবে। এই সঙ্গে নির্বাচনের তারিখও পেছানো উচিত। এর আগে তফসিল ঘোষণার আগে এরশাদ বলেছিলেন, আশা করেছিলাম ২৫ নভেম্বরের মধ্যেই তফসিল ঘোষিত হবে। প্রত্যাশিত সময়েই তফসিল ঘোষিত হচ্ছে। এরশাদ বলেন, আমি আশা করছি সব দলের অংশগ্রহণে নির্বাচন হবে। বিএনপি নির্বাচনে আসলে ভালো করবে মন্তব্য করে এরশাদ বলেন, আমি আগেও বলেছি এখনও তাদের নির্বাচনে আসার আহ্বান জানাচ্ছি। এরশাদ বলেন, বিএনপি হরতাল অবরোধ করবে। একটা অস্থিতিশীল পরিস্থিতি মধ্যে দেশ চলে যাচ্ছে। জাতি সংঘাত সংঘর্ষ চায় না।

0 Response to "অবাস্তব তফসিলে নির্বাচনে অংশ নেওয়া কঠিন: এরশাদ"

Post a Comment