ঢাকা: রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দলের
সংরক্ষিত মহিলা আসনের তিন সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। তারা হলেন
রাশেদা বেগম হিরা, নিলুফার চৌধুরী মনি ও শাম্মি আখতার।
বুধবার দুপুর দুইটার দিকে দলীয় কার্যালয়ে তাদের আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুর পৌনে দুইটার দিকে বিএনপির ওই তিন
মহিলা এমপি দলীয় কার্যালয়ে ঢোকার চেষ্টা করেন। এ সময় কার্যালয়ের গেট লাগিয়ে
দেয়া হয় এবং তিন এমপিকে জোর করে টেনে গাড়িতে তোলা হয়। তবে তাদের কেন আটক
করা হয়েছে এ বিষয়ে পুলিশের কোনো কর্মকর্তা মুখ খুলেননি।
এর আগে মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকতে গেলে ১৮ দলীয় জোটের
শরিক দলের একজন শীর্ষ নেতাসহ দুজনকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার দুপুর
১২টার দিকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া দুজন হলেন ১৮ দলের শরিক
ইসলামিক পার্টির মহাসচিব আবদুর রশীদ প্রধান ও কৃষক দলের নেতা সুলতান আহমেদ।
আটকের পর নাশকতার অভিযোগে করা এক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাদের।

0 Response to "নয়াপল্টন থেকে বিএনপির তিন মহিলা এমপি আটক"
Post a Comment