.

রওশন বিরোধী দলীয় নেতার কার্যালয়ে বসবেন

ঢাকা, জানুয়ারি ২৮: প্রথম বারের মতো বিরোধী দলীয় নেতা হিসেবে আজ মঙ্গলবার কার্যালয়ে অফিস করবেন জাতীয় পার্টির জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ।

মঙ্গলবার জাতীয় পার্টির পূর্ণাঙ্গ সংসদীয় দলের প্রথম বৈঠক ডাকা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এর আগে সংসদীয় দলের বৈঠক হলেও সেসব বৈঠকে দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে দেখা যায়নি। মঙ্গলবারের বৈঠকে তিনিও উপস্থিত থাকবেন বলে জানা যায়।

বৈঠকটি বেলা ১১টায় দলের সংসদীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি।

জাতীয় পার্টির সহ-দপ্তর সম্পাদক আবু হাসান আহমেদ জুয়েল বলেন, এদিন বিরোধী দলীয় নেতার কার্যালয়ে প্রথম অফিস করবেন রওশন।

বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ এ বৈঠকে চূড়ান্ত করা হবে মহিলা সংসদ সদস্যদের মনোনয়ন। এছাড়া, বৈঠকে জাতীয় পার্টির সংসদীয় দলের উপনেতা ও চিফ হুইপও নির্বাচন করা হতে পারে।

দশম সংসদে বিরোধী দল নির্বাচিত হওয়ার পর জাতীয় পার্টির সংসদীয় দলের প্রথম বৈঠক অনুষ্ঠিত ১৪ জানুয়ারি রওশন এরশাদের বাসায়। সেখানে ৩৪ জন এমপির মধ্যে ২৭ জন উপস্থিত ছিলেন। দলের চেয়ারম্যানকে ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি।

চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের পক্ষ থেকে মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার ও জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য জিএম কাদেরকে দলের মুখপাত্র ঘোষণা করা হলে জরুরি ওই বৈঠকটি ডাকা হয়।

এর আগে, ৯ জানুয়ারি শপথ অনুষ্ঠান শেষে সংসদে দলের কার্যালয়ে অনানুষ্ঠানিক বৈঠক করেন জাপার এমপিরা। সেখানে রওশন এরশাদকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়। ওই বৈঠকেও অনুপস্থিত ছিলেন এরশাদ। ছিলেন না নাসিম ওসমান এমপিও।

এছাড়া ২৪ জানুয়ারি রাত ১০টায় সংসদীয় দলের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় রওশন এরশাদের বাসায়। সেখানে ১৮ জন এমপি উপস্থিত ছিলেন। পরদিন ২৫ জানুয়ারি দলের সংসদীয় কার্যালয়ে বৈঠক ডাকা হলেও পরে তা স্থগিত করা হয়।

0 Response to "রওশন বিরোধী দলীয় নেতার কার্যালয়ে বসবেন"

Post a Comment