.

সিংড়ায় আহত আরও এক ছিনতাইকারীর মৃত্যু :থানায় পৃথক দুটি মামলা


সিংড়া প্রতিনিধি,সিংড়া (নাটোর) ( ১৩ জুন ) :নাটোরের সিংড়ায় ধান ব্যবসায়ীর ১০লাখ টাকা ছিনতাই করে পালানোর সময় গণপিটুনিতে আহত ছিনতাইকারী শিহাব উদ্দিন(১৯) সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে মারা গেছে। সে বগুড়া শহরের নারুলী এলাকার নুরু মুন্সীর ছেলে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। সিংড়া থানার ওসি নাসির উদ্দিন মন্ডল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় গণপিটুনিতে ঘটনাস্থলেই মোমিন (২২) নামের এক ছিনতাইকারী নিহত হয়। সে শাজাহানপুর উপজেলার চকচুপিনগর গ্রামের ময়না পাইকারের ছেলে।
এদিকে, সিংড়া থানার পুলিশ ছিনতাই হওয়া ১০লাখ টাকা এবং ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজি উদ্ধার ও চালককে বৃহস্পতিবার রাতেই গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সিএনজি চালক শাহিন আলম বগুড়ার শাজাহানপুর উপজেলার কামারপাড়া সাইদুর রহমানের ছেলে।
এঘটনায় পৃথক দু’টি মামলা হয়েছে। ছিনতাইকারী মোমিনকে পিটিয়ে হত্যার ঘটনায় সিংড়া থানার এসআই ইব্রাহিম খলিল বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। অপর দিকে ছিনতাইয়ের শিকার নাটোরের ধান ব্যবসায়ী সিংড়া উপজেলার চৌগ্রামের আবুল কাশেমের ছেলে এনামুল (৫৫) বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২জনকে আসামী করে বৃহস্পতিবার রাতে সিংড়া থানায় আরেকটি মামলা দায়ের করেছেন।
ছিনতাইয়ের শিকার এনামুল ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়ার নন্দীগ্রাম ইসলামী ব্যাংক থেকে ১০ লাখ টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে নাটোর-বগুড়া মহাসড়কের টিটিগাড়ী এলাকায় ২টি মোটর সাইকেল ও ১টি সিএনজি যোগে একদল ছিনতাইকারী তার গতিরোধ করে। এ সময় ছুরিকাঘাত করে আমার কাছে থাকা নগদ ১০ লাখ টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে সিংড়ার দিকে পালানোর চেষ্টা করে। বিষয়টি মোবাইলে বিভিন্ন জায়গায় জানালে এলাকাবাসী জামতলী বাজারে রাস্তায় প্রতিরোধ গড়ে তোলে। এ সময় ছিনতাইকারী জামতলী-বামিহাল রাস্তা দিয়ে পালানোর চেষ্টা করে। পেছন থেকে এলাকাবাসী তাদের ধাওয়া করলে তারা বিনগ্রাম-ডাকাতগাড়ী এলাকায় মোটর সাইকেল ফেলে মাঠের মধ্যে পালানোর সময় এলাকাবাসীর গণপিটুনির শিকার হয়। এ সময় গণপিটুনিতে ঘটনাস্থলে মোমিন হোসেন নামে এক ছিনতাইকারী নিহত হয়। আহত হয় আরো ৮জন। এলাকাবাসী ছিনতাইকারীদের ব্যবহৃত একটি মোটর সাইকেল পুঁড়িয়ে দেয়। খবর পেয়ে সিংড়া থানা পুলিশ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ও পুঁড়িয়ে দেয়া মোটর সাইকেলটি জব্দ করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে শিহাব হোসেন নামে আরেক ছিনতাইকারী মারা যায়। পরের দিন শুক্রবার সকালে অপর আহত ৭জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহতরা হলো, বগুড়া সদর উপজেলার রহমান নগর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রাকিব (১৮), মনিরুজ্জামানের ছেলে রাহাত (১৮), একই উপজেলার নাড়–লী গ্রামের মাহবুবুর রহমানের ছেলে রাকিনুল (২০), জসিম উদ্দিনের ছেলে রায়হান (২০), গাবতলী উপজেলার তন্নীহাটি গ্রামের কাউয়ুমের ছেলে জোবায়ের (১৮), শাহজানপুর উপজেলার চকচুপিনগর গ্রামের আনছার আলীর ছেলে শামীম (২২), আশরাফ আলী ছেলে আরিফ (২৬)।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মন্ডল, মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।