ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাস-লেগুনা সংঘর্ষে ৪ জন নিহত ও অন্তত ৬ জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চালতিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাসেল (৩০) ও এরশাদ (৩২)। অপর দু’জনের নাম-পরিচয় জানা যায়নি। তবে তাদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ।
ঢাকাগামী ইলিশ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৪ জন নিহত ও অন্তত ৬ জন আহত হন। নিহতদের সবাই লেগুনার যাত্রী বলে জানা গেছে। আহতদের দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে ৫০ মিনিটের জন্য যান চলাচল বন্ধ ছিল।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার বলেন, ঢাকা-মাওয়া মহাসড়কে বাস-লেগুনা সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ৪ জন নিহত হন। তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণে রাস্তায় যান চলাচল যাতে বাধাগ্রস্ত না হয় সে জন্য পুলিশ কাজ করছে।
Md. Anwar Khan
